শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘কন্যা সাহসিকা’।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় ব্লকটির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এ সময় জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রত বোধ করে। এ সময়টা ওরা যাতে সুস্থ সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেওয়া হয়েছে কন্যা সাহসিকতা। ওয়াশ ব্লকের পাশেই রয়েছে লাইব্রেরি, বিশ্রামাগার, হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেট, রয়েছে শিশুদের জন্য যেসব জিনিস গুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি এবং নামাজেরও ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম, ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল মজিদ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী জানায়, আগে স্কুলে এ ধরণের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি।