শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে মব সৃষ্টি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় অভিযানে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয়। ভাঙচুর করা হয় অভিযানে ব্যবহৃত অটোরিকশাও।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নড়িয়া পৌর বাজারে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, পরিবেশ অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন এবং নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি ওয়ানটাইম গ্লাস, প্লেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দ করা সামগ্রী অটোরিকশায় তোলার পর সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। তখন বাজার কমিটির সহ-সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তিসহ কয়েকজন ব্যবসায়ী বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে দুই থেকে চারশ মানুষের একটি দল তাঁদের ঘিরে ধরে। এ সময় জব্দ করা পলিথিন ও অন্যান্য সামগ্রী অটোরিকশা থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় এবং অটোরিকশাটি ভাংচুর করা হয়।
লাকি দাসের ভাষ্য, অভিযানে থাকা তিন পুলিশ সদস্য, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরাও হেনস্তার শিকার হন। তিনি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারী প্রতিনিধিকেও ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।