আজ , , ,

সাজেদুল এর বায়ুগ্যাসে জ্বলে ৩০ পরিবারের রান্নার চুলা

ভেদরগঞ্জের ডিএম খালীতে সাজেদুলের বায়ুগ্যাস প্লান্ট। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের মাঝি কান্দি ও হযরত আলী বেপারী (রাজাই বেপারী) কান্দি গ্রামের ৩০ পরিবারের রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে সাজেদুলের বায়ু গ্যাস। সিলিন্ডারের চেয়ে খরচ কম হওয়ায় এ এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে বায়ুগ্যাসের ব্যবহার।
ডিএম খালির ওই বাণিজ্যিক বায়ুগ্যাসের প্রবর্তক মোঃ সাজেদুল বেপারী বলেন, মামা প্রকৌশলী ইয়াসিন মিয়ার ২০১৭ সালে প্রতিষ্ঠিত করা পল্লী মৎস্য ও ডেইরি প্রকল্প দীর্ঘ ৮ বছরেও লাভের মুখ দেখতে পারেনি। আমি ২০২৫ সালের শেষ দিকে সৌদি আরব থেকে দেশে ফিরি। তখন দেখি মামার খামারে বড়ো ছোট মিলিয়ে সব সময়ই ৪০ থেকে ৫০টি গরু থাকে। বিষয়টি নিয়ে আমি ভেদরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের আমিরুল স্যারের সাথে কথা বলি। পরে তারই পরামশ্যে জেলা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেই। সেখান থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে মামার খামারে স্থাপন করি বায়ুগ্যাস প্লান্ট। বর্তমানে এখানে উৎপাদিত গ্যাসের সাহায্যে ২ গ্রামের ৩০টি চুলায় গ্যাস সরবরাহ করছি। চুলা প্রতি আমি মাসিক ১ হাজার টাকা করে নিয়ে থাকি। এ পর্যন্ত দের কিলোমিটার লাইন তৈরী করেছি। এর ফলে প্রতি মাসে সব খরচ বাদ দিয়েও ২২/২৩ হাজার টাকা লাভ থাকে। আমার গ্যাসের চাহিদা থাকলেও আমি সরবরাহ করতে পারছিনা। তাই আমার পরামশ্যে এলাকায় এ পর্যন্ত ৬টি বায়ুগ্যাস প্লান্ট স্থাপন করা হচ্ছে। আরো ২০টির মতো প্লান্ট স্থাপনের আবেদন জমা পরেছে।
চুলায় এ গ্যাস ব্যবহারকারী হযরত আলী বেপারী কান্দি গ্রামের কামরুন নাহার বেগম বলেন, গ্যাসের সরবরাহ ভালো, রাতদিন ২৪ ঘন্টাই এক রকম গ্যাস পাওয়া যায়। সিলিন্ডারের চেয়ে দামেও কম। তাই আমরা সাজেদুলের বায়ুগ্যাস ব্যবহারে সাজছন্দ বোধ করি।
গ্যাস ব্যবহারকারী সখিপুর ঢালী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের গ্রামের ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়ার খামারে স্থাপিত বায়ুগ্যাস প্লান্ট থেকে আমরা গ্যাসের সংযোগ নিয়েছি। মাশাআল্লাহ সরবরাহ ভালো। এ গ্যাস ব্যবহার করে আমরাও লাভবান। যেখানে প্রতিমাসে আমাদের বাড়ির রান্নার জন্য বাজারের ২টা সিলিন্ডার লাগতো সেখানে পুরো মাস রান্না করে সাজেদুলকে দিতে হয় মাত্র ১ হাজার টাকা।
ডিএমখালি শহীদ সিরাজ সিকদার কলেজের প্রভাষক মোঃ মোতালেব মিয়া বলেন, সাজেদুলের বায়ুগ্যাস আমাদের এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। এ গ্যাস যেমন সাশ্রয়ী তেমনী পরিবেশ বান্ধব। এ গ্যাসের ব্যবহারের ফলে জাতীয় পর্যায়ে অর্থ সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি কাঠের ব্যবহার হ্রাস পেয়েছে। সরকারি সহায়তা পাওয়া গেলে আমাদের এ এলাকায় সাজেদুলের মতো আরো বেশ কয়েকটি প্লান্ট স্থাপন সম্ভব।
ভেদরগঞ্জ উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, আমাদের পরামর্শে সাজেদুল বায়ুগ্যাসের উপর প্রশিক্ষণ নিয়ে বায়ুগ্যাস প্লান্ট স্থাপনের পরে গত ৬ মাস যাবৎ এলাকায় গ্যাস সরবরাহ করছে।
এ বিষয়টি এলাকায় প্রশংসিত হয়েছে। তবে সে এখনো সরকারি ভারে বিপননের কোন অনুমোতি গ্রহণ করেনি। বায়ু গ্যাস বাণিজ্যিক ভাবে উৎপাদন তখনি বলা যাবে যখন সে বিতরণের জন্য সরকারের অনুমোদন পাবে।
ভেদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার জি এম আমির হোনে বলেন, সাজেদুলের কাজটি ভালো তবে নিরাপদ নয়। সে যে ভাবে উপর দিয়ে লাইন টেনেছে তা ঝুঁকিপুর্ণ। আমি বিষয়টি জানার পরেই আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে সিদ্ধান্ত এলেই আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

Share this news as a Photo Card


০৫ নভেম্বর ২০২৬

তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন নির্ধারণ করতে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar