বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৩ হাজার ৫৮০টি চারা, ১৮টি সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে বিকরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার। সহকারি কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম এ হামিদ, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকার ভোগীগণ।
প্রধান অতিথি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ এমপি বলেন, আমরা ক্ষমতায় আসার পরেই মাননীয় প্রধানমন্ত্রী ১৩ লক্ষ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুপ করেছেন। এর পরে তার নির্বাচনী অঙ্গিকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভেদরগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫৮০ টি ফলদ, বনজ ও ভেষজ ঔষধি বৃক্ষের চারা, জৈব সার এবং খুঁটি বিতরণ করেছি। একই সাথে আমাদের উপজেলার রোপা আমন চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে ১ হাজার ১৪৫ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রদান ও ৪০ জন কৃষককে পেঁঁয়াজ বীজ সংরক্ষণের জন্য ১৬০ কেজি করে পেঁয়াজ, সার ও বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। একই সাথে কুটির শিল্প কর্মসূচির আওতায় ১৮ জনকে ১৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।