শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একটি বাজারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেসার্স হালিমা মৎস্য আড়তের মালিক মো: মোশাররফ হোসেনকে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমিনা করেন উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আরা খানম।
এসময় চার মন জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ৬ টি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম, গোসাইরহাট থানার এসআই ননি গোপাল প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।