শিক্ষার মানোন্নয়নে শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম ডামুড্যা উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বেগম সেতু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসলাম হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।
বিশেষ অতিথির বক্তব্য মোঃ আসলাম হোসাইন বলেন, বাস্তবায়ন যোগ্য ৪৭ টি নির্দেশনা স্কুল পর্যায়ে বাস্তবায়ন শুরু হলে এই উপজেলার শিক্ষার গুনগত মানোন্নয়ন হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য উপস্থিত শিক্ষকদের পরামর্শ দেন এবং তা বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।