জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শরীয়তপুর জেলার ১৪ জন শহীদ হয়েছিল। এ ১৪ জন শহীদদের স্মরণে শনিবার ১৯ জুলাই সকাল ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে “এক শহীদ, এক গাছ” কর্মসূচীর আওতায় ১৪টি নিম গাছের চারা রোপন করা হয়েছে। জেলা প্রশাসক মিজ তাহমিনা বেগম প্রধান অতিথি হিসেবে এ সকল বৃক্ষের চারা রোপণ কাজের উদ্বোধন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম (উপসচিব), ডিডিএলজি মোঃ ওয়াহিদ হোসেন (উপসচিব), মোঃ মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসাইন, শরীয়তপুর জেলার প্রথম শহীদ মামুনের মা হেনা বেগম, শহীদ জুনায়েতে এর বাবা মোঃ শাহ আলম সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যগণ, গণঅভ্যুত্থানে আহতরা ও সাংবাদিকগণ।
এ সময় শহীদ মামুনের মা হেনা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। ১৯ জুলাই শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আবুড়া গ্রামের ‘মামুন’ রামপুরা এলাকায় এবং নড়িয়া উপজেলার ‘জুনায়েত হোসেন’ মিরপুর গোল চত্ত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃক্ষরোপণ শেষে শহীদরে আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।