ভেদরগঞ্জের সখিপুরের ডিএমখালিতে পাথরের আঘাতে বাক প্রতিবন্ধি বোন জামাই কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত শ্যালক স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে ডি এম খালী ইউনিয়নের সরদার কান্দি গ্রামের এ ঘটনা ঘটে। শনিবার (১ ফ্রেব্রুয়ারি) ভোরে সংবাদ পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক।
নিহত গার্মেন্টস কর্মী জাফর সরদার সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত শাহ আলম সরদারের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরীবেরচর এলাকার মাদকাসক্ত শাওন আহম্মেদ স্বপন সম্প্রতি নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দেখে ফেলায় ছেলেটি প্রাণে বেঁচে যায়।
এ ঘটনায় শুক্রবার দিবাগত-রাতে শাওনের বাড়িতে এক দরবার সালিস বসে। পরে সালিসি শেষে রাতেই তাঁর বোনের সঙ্গে শাওন তাঁর বোন জামাই জাফর সরদারের বাসায় চলে আসে। রাতে জাফর ও শাওন এক খাটে ঘুমায়। পরে শনিবার ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় জাফরকে পাথর (পাটার-পুতা) দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠানো হয়েছে। ঘাতক শ্যালককে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।