শরীয়তপুর জাজিরার বাবুর চর সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
সোমবার (১৮ নভেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অবৈধ বালু উত্তোলোনের দায়ে অভিযানে একটি কাটার ড্রেজারের ইঞ্জিন অকেজো করা হয় এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে চার জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুর মধ্যইচলি এলাকার মিজান খানের ছেলে মো. মোক্তার হোসেন (২৯), লক্ষ্মীপুর সদর চরফলকন এলাকার আব্দুল খালেকের ছেলে মো. রাসেল (২০), নোয়াখালী কবিরহাট চরালডি এলাকার আবু তাহের বেপারীর ছেলে মো. জহির (২৪) ও একই এলাকার আলাউদ্দিনের ছেলে আল-আমিন হোসেন (২৪)।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি এবং এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করব।