ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোশরদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা যুবদল। ২১ আগস্ট বুধবার বিকেল ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি আরিফুজ্জামান মোল্যা, জেলা যুবদল নেতা মৃধা নজরুল কবির, আলী আহামেদ মোল্যা ও বিএনপি নেতা নাজমুল হক বাদল। মিছিলে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কমানা করে বলেন, মিছিল মিটিং করাতো দূরের কথা নির্ভয়ে পালং বাজারও ঘুরে আসতে পারতাম না। বুকে পাথর চাপা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধৈয্যধারণ করেছি। ছাত্ররা আজ তাদের জীবন দিয়ে দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে।
নেতারা আরো বলেন, আওয়ামীলীগের সময় যে সকল বিএনপির নেতাকর্মীরা সুযোগ গ্রহণ করেছে তাদের অনেককে আজ মিছিলে দেখা যায়। আপনারা সাবধান হয়ে যান। বিএনপিতে প্রবেশ করে সন্ত্রাসী কার্যক্রম করলে তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।