শরীয়তপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার পালং তুলাসার গুরুদাস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া এবং শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।