জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় তিন দিনব্যাপি ভূমি সেবা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবামূলক সপ্তাহের সূচনা হয়।
সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি পূর্ব মাদারীপুর (ডামুড্যা) কলেজের সহকারি অধ্যাপক পরিমল কৃষ্ণ পাল, ডামুড্যা থানা ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গিয়াস উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্ত, প্রাণী সম্পদ কর্মকর্তা কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের উপসহকারি-ভূমি কর্মকর্তা সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ধরণের হয়রানি ছাড়াই ঘরে বসে দ্রুত ভূমি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণের জন্য নাগরিকদের আহ্বান জানান।
এসময় বক্তারা আরও বলেন, জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের জমির মালিকানা যেমন সুরক্ষিত হবে, তেমনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। ১৯ মে থেকে শুরু হওয়া এই ভূমি সেবা সপ্তাহ আগামী ২১ মে পর্যন্ত চলবে। এই সময়ে বিশেষ বুথের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরণের ভূমিসংক্রান্ত সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হবে।