জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমিমেলা-২০২৬। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় শরীয়তপুরেও এ মেলা অনুষ্ঠিত হবে।
শরীয়তপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকায় ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে এবং দেশের বিভিন্ন জেলার সঙ্গে শরীয়তপুরও এতে যুক্ত থাকবে।
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিসের সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬টি স্টল স্থাপন করা হবে। এসব স্টলে ভূমি রেকর্ড, নামজারি, ভূমি উন্নয়ন কর, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ও তাৎক্ষণিক পরামর্শ প্রদান করা হবে।
এছাড়া ইউনিয়ন ভূমি অফিস ও ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) থেকেও নাগরিকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা দেওয়া হবে। জেলার অন্যান্য উপজেলাতেও পৃথকভাবে ভূমিমেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেলার প্রথম দিন সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে স্টল পরিদর্শন, কুইজ প্রতিযোগিতা, অভিযোগ শুনানি ও তাৎক্ষণিক সমাধান কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া সচেতনতামূলক সেমিনার, আলোচনা সভা ও ভূমিসেবা বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তিন দিনব্যাপি এ মেলা চলবে। সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।