শরীয়তপুরের জাজিরা উপজেলায় লাইসেন্স না থাকা এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি ব্যবহার করার দায়ে একটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মারুফ হাসান এই জরিমানা আরোপ করেন।
শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রাসেল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলার মিরাশা কাজিরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে.আই.বি ব্রিকস নামের ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, ইটভাটাটির বৈধ লাইসেন্স নেই এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি ব্যবহার করে ইট উৎপাদন করা হচ্ছিল। এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ইটভাটার মালিকের কাছ থেকে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
তিনি বলেন, নিয়মিত আমাদের এই ধরণের অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শরীয়তপুর জেলা পুলিশ সহযোগিতা করেন।