গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কর্মরত স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা বেতন বৈষম্য নিরসন ও ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
বুধবার (১ অক্টোবর) সকাল থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি চলছে।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা (স্নাতকবিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের ১১তম গ্রেডে উন্নিতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, শিবচর উপজেলা শাখার উপদেষ্টা আবুল হাসান, মো. সেলিম মাল, আব্দুল জলিল মিয়া, হাবিবুর রহমান, সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ঢালীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রায় ৭০ জনের মত স্বাস্থ্য সহকারি।
সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি ও দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।