শরীয়তপুরের ডামুড্যায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২টি কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৪ ডিসেম্বর) দিনভর উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ঠেংগারবাড়ি ও শিধলকুড়া ইউনিয়নের দিকশুল এলাকায় জেলার নিরাপদ খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চর ঠেংগারবাড়ি এলাকায় মেসার্স শাকিল ফুড প্রোডাক্টস ও দিকশুল এলাকায় মেসার্স আফজাল ফুড প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল শিশু খাদ্য (চিপস, চানাচুর, ঝালমুড়ি) উৎপাদন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিনভর নিরাপদ খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান দুটির মালিক শাকিল মিয়া ও আফজাল সরদারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে ৫৬৪ কেজি ভেজাল শিশু খাদ্য, ৫ কেজি রাসায়নিক ও ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক বলেন, সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্যকে সাথে নিয়ে কারখানা দুটিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ভেজাল শিশু খাদ্য জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।