জেলেদের মধ্যে গবাদি পশুর (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ৩২ টি বকনা বাছুর বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীন হাসান শুভ। বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে ভাবেন বলেই, জাটকা ইলিশ রক্ষা মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন। সঠিক জেলে যেন বাছুর পায় এবং সঠিক ভাবে লালন পালন করে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, ইলিশ সম্পদ রক্ষার জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তার সঠিক ব্যবহার করে আপনারা ইলিশ সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে। যারা সরকারি বিধান অমান্য করে জাটকা ধরবেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ নিব। আর মনে রাখবেন এ গরু দেয়া হচ্ছে আপনার ভাগ্য উন্নয়নের জন্য কোন ভাবেই বিক্রি করা যাবেনা।
আলোচনা শেষে আনুষ্ঠানিক ভাবে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন অতিথিগণ। উল্লেখ্য ভেদরগঞ্জ উপজেলায় নিবন্ধিত ১৪ হাজার ১ জন জেলের মধ্যে এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।