ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়ায় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বেলা ২ টায় উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হালিম মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব মেহেদী হাসান শিপন। বক্তব্য রাখেন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাইন উদ্দিন বেপারী, ইদ্রিস আলী মাঝি, সাদেক পাইকসহ জেলেনেতা, আড়ৎদার ও পাইকারগণ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন পর্যায়ের সচেতনতা সভা। এ সভার উদ্দেশ্য হচ্ছে সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে। আইন অমান্য করে কেউ নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।