বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রামভদ্রপুরে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ২টি করে বালক ও বালিকা মিলে ২৪ টি দল অংশ নিচ্ছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০ টায় ইউনিয়নের রামভদ্রপুর রেবতি মোহন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ধোধন করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক সুজল, মোঃ আনোয়ার হোসেন, সেলিনা পারভীন, মোতালেব হোসেন, কবি রোমান সরদার, জেসমিন আক্তার, আব্দুল মালেকসহ ইউনিয়নের ১২টি বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক, টিমলিডারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।
এই টুর্নামেন্ট গ্রাম-গঞ্জের সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপথগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এ জন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রশংসার দাবিদার।