পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা করা হবে। গাজিপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমান হয়েছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষা এক মাত্র জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর পক্ষে সম্ভব।
শনিবার (২৭ মে) সকালে তার নির্বাচনী এলাকার কার্তিকপুরে শেখ রাসেল সেতু সংলগ্ন নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সমাবেশে এ কথা বলেন।
এসময় শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা উপস্থিত ছিলেন।
উপমন্ত্রী বলেন, আওয়ামীলীগ ধারাবাহিক ভাবে ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়ন হচ্ছে। আমাদের নড়িয়া উপজেলার শতবছরের নদী ভাঙ্গন রোধ হয়েছে। শরীয়তপুর-চাঁদপুর ৪ লেন সড়ক নির্মাণ হচ্ছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক বিশ্বাস, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনো বাংলাদেশে শাখা প্রশাখা বিস্তার করে আছে। আজকের এই দিনে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করবো। এখানে কেউ বাঁধা সৃষ্টি করলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।
এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সখিপুর থানায় কার্তিকপুর শেখ রাসেল ব্রীজ সংলগ্ন নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে শেখ রাসেল ব্রীজ থেকে মিয়ারচর পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।