মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগর ইউনিয়ন পরিষদ বাজার মোড়ের বালারহাট-মোল্যার হাট সড়কে অভিযান চালিয়ে ৫ মণ জাটকা মাছ জব্দ করেছে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশ।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, এ সড়ক দিয়ে জাটকা পরিবহন করা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করি। এ সময় অভিযানে উপজেলা মৎস্য বিভাগের মেহেদী হাসান, মাহাবুব হোসেন ও সখিপুর থানা পুলিশ অংশগ্রহণ করে। জাটকা পরিবহনকারীরা পালিয়ে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি জাটকা কেনা নিয়ে ক্রেতাদের সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময়ে জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই।