শরীয়তপুরের সখিপুরে ঘরে আগুন লেগে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। এসময় সাথে শুয়ে থাকা ছোট বোন মীম (১৩) আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী বেপারী কান্দি গ্রামে নিজ বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সমিয়া (১২), আরাফাত (০৮)। তারা তিনজনেই আশ্রাফ আলী গ্রামের বাসিন্দা মনসুর ঢালীর সন্তান। নিহত সামিয়া, সখিপুর জি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ে আরাফাত বাসায় আসে। পরে তিন ভাই বোন একসঙ্গে ঘুমায়। ঘুমানোর সময় হটাৎ আগুন লেগে যায়। এসময় বড় বোন সামিয়া (১৩), মেঝো বোন মীম (১১) ও আরাফাত (৮) শরীরে আগুন ধরে যায়।। এসময় তাদের মা পাশের ঘরে নামাজরত অবস্থায় ছিলেন।
পরে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সামিয়া ও আরাফাতের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার ও সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক, আমরা ক্ষতিগ্রস্থদের সম্ভব সহায়তা দিবো। আমাদের পানি সম্পদ উপমন্ত্রী সংবদটি শুনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।