প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামনের মুক্তি, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শরীয়তপুর প্রেসক্লাবের আয়োজনে ওই কর্মসূচীতে অংশ নিয়েছে, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, প্রথম আলো বন্ধুসভা, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি সাইফ রুদাদ, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হেমন্ত দাস, মানববন্ধন কর্মসূচীতে সঞ্চালনা করেন কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার। এ সময় আরো বক্তব্য রাখেন, জেষ্ঠ সাংবাদিক আবুল হোসেন সরদার, আবুল বাশার, এম. হারুন অর রশিদ, নুরুল আমিন রবিন, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ প্রমূখ। বক্তারা সকলেই প্রথম আলোকে হয়রানি না করার আহবান জানান। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, শামসুজ্জামনের মুক্তি ও মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী জানান।