শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদী বেষ্টিত নওপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প “আশ্রয়ণ প্রকল্প” ও সাবমেরিন ক্যাবেল রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম ওই এলাকা পরিদর্শন করেন। এরপর সঙ্গে সঙ্গেই পানি উন্নয়ন বোর্ডকে জরুরী উদ্যোগ নেয়ার নির্দেশ দেন। এছাড়াও নওপাড়ার আশ্রয়ণ প্রকল্প ও সাবমেরিন ক্যাবলের যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য কার্যক্রম জোরদার হয়েছে। অচিরেই আরো বালুভর্তি বস্তা ডাম্পিং করা হবে। নওপাড়ায় আশ্রয়ণ প্রকল্প ও সাবমেরিন ক্যাবেল রক্ষায় যা যা করনীয় তা করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এখানে ইতিপূর্বে জরুরীভাবে বালুভর্তি প্রায় ৮৬ হাজার বস্তা ডাম্পিং করা হয়েছে। প্রতিটি বস্তার ওজন ২৫০ কেজি। পাশাপাশি ৬ মিটার দৈর্ঘের বালুভর্তি ৩৪৪০টি জিও টিউব ডাম্পিং ও প্লেসিং করা হয়েছে।