ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা বন্টন ও বীরনিবাস নির্মাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার হাজি আবদুল মান্নান রাড়ি, আলী আজম ফরিদী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবাদুর রহমান, সোনালী ব্যাংক ভেদরগঞ্জের শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিমসহ কমিটির অন্যান সদস্যগণ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সারাদেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার ‘বীর নিবাস’ দিতে মনস্থির করেছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তিনি জানান, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি গত ২১ সালের ১৬ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধারা ‘বীর নিবাসের’ মাধ্যমে আবাসনের নিশ্চয়তা পাবেন। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ টাকা। একনেক সভায় অনুমোদনের পর ২০২২ সালের জানুয়ারি থেকে জুন ২০২৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাদের সহায়তা করছে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার সব উপজেলা ও মহানগরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬৩৫ বর্গফুটের একটি বীর নিবাস করে দেওয়া হবে। প্রত্যেকটি নিবাসে দুইটি শয়নকক্ষ, ডাইনিং, ড্রইং, রান্নাঘর ও দুইটি বাথরুম থাকবে।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা দেশকে মুক্ত করার জন্য নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতার ৫০ বছরে এসে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে এখনও অর্থনৈতিক ও সামাজিক মুক্তির স্বাদ লাভ করতে পারেননি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।