শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে দশটায় স্কুলের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার ও ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাছিবা খান।
উক্ত অনুষ্ঠানে খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত স্কুলের ২১ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীকে বৃত্তির অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। ২১ জন শিক্ষার্থীর মাঝে মোট ৭৬ হাজার ৮৬০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাছিবা খান বলেন, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাখাতের ব্যাপক উন্নয়ন করেছেন। অবকাঠামো নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন করেছেন। শুধু শিক্ষাখাত নয়, দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। বাংলাদেশ এখন সারাবিশ্বের বিস্ময়। সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আশাফুদৌলা রতন, মোঃ সেকেন্দার আলী, মানোয়ার হোসেন, খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষে মোঃ জাহের হাওলাদার ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীগণ।