মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ২য় ধাপে দেশের ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। এরই অংশ হিসেবে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ২৮০ টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ এসকল তথ্য জানান।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, গোসাইরহাট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে নির্মাণাধীন ঘরগুলোর সঠিক মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পুরণে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য জমি ও ঘর প্রদানের কার্যক্রমটি করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, জমি ও গৃহ প্রদান কার্যক্রমের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৮টি ঘর সহ উপজেলায় মোট ২৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার দুইশতক জায়গাসহ ঘর পাচ্ছে। সরকারের এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, সহকারী প্রোগ্রামার মাইনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।