শরীয়তপুর থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ১০ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা করেছে জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগ।
এ ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুর থেকে বাস, ট্রাক, ভ্যানসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে ছুটে চলছে মানুষ। যানবাহন না পেয়ে পায়ে হেঁটে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রওনা দিয়েছেন অনেকে।
জেলা শহর থেকে সভাস্থলে যোগ দিতে ১০ হাজার মোটরসাইকেল নিয়ে সভাস্থলের দিকে সকাল ৭ টায় যাত্রা শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে জাজিরা টিএন্ডটি মোড় থেকে সমাবেশস্থল কাঠালবাড়ি পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন দিপু মিয়া বলেন, “আজ আমরা আনন্দিত, উচ্ছ্বসিত, আজ আমাদের গর্ব করার একটি জিনিস আছে, সেটি হচ্ছে পদ্মা সেতু। পদ্মা বিজয়ের উৎসব পালন করছি আমরা। আমরা ১০ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছি।’
সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, পদ্মা সেতু হচ্ছে স্বপ্ন জয়, আর এটা সম্ভব হয়েছে আমাদের নেত্রীর দুরদর্শি চিন্তা আর সাহসের কারণে। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি আমাদের অসীম কৃতজ্ঞা ও শ্রদ্বা জানাতে আমরা আজ শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি।
অপর দিকে এ অনুষ্ঠানে যোগ দিতে লঞ্চ ও ট্রলারযোগে ভেদরগঞ্জ, নড়িয়া, সখিপুর ও গোসাইরহাট থেকে লক্ষাধিক মানুষ যোগ দিয়েছে।