মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ১২টায় মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় মাদকের ক্ষতিকর দিক ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে অপব্যহার নিরোধে আলোচনা করা হয়েছে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. শাজাহান, ওসি তদন্ত আবু বক্কর মাতুব্বর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, পুরুষ ও মহিলা মেম্বার, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ এনজিও প্রতিনিধি প্রমুখ।
বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম মাদকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কারণ মাদক পরিবার, দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। দেশের আর্থসামাজিক উন্নয়নে মাদকের অপব্যবহার বাধার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।
তারা আরো বলেন, মাদকের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।