জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। আগামী ১৫-২১ জুন দেশব্যাপী চলমান প্রথম ডিজিটাল জনশুমারি গৃহগণনা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে ভেদরগঞ্জ উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিসংখ্যান অফিসার আজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসান ইবনে আমীন, ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলামসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, এই প্রকল্পে গণনাকারী হিসেবে কাজ করবেন তাদের ৭ দিনে ৮ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি সুপার ভাইজার হিসেবে কাজ করবেন তারা পাবেন সাড়ে ৮ হাজার টাকা করে।
এবার জনশুমারি প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে শিক্ষিত বেকারদের। এর আগে জনশুমারির কাজে সুযোগ দেওয়া হয়েছিল প্রাইমারি স্কুলের শিক্ষকদের। তবে এবার তাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। ৭ দিনে উপজেলা সকল খানায় (পরিবার) তথ্য সংগ্রহ করা হবে। একজন গণনাকারী ১০০টি খানার তথ্য সংগ্রহ করবেন।