শরীয়তপুরের জাজিরার বিলাশপুরে নিরীহ পশুদের পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। গত রাত সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে। সারেং কান্দি গ্রামের ইয়াসিন মুন্সী, ইউনুস সারেং এবং পার্শ্ববর্তী নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের আবদুল হামিদ মৃধা, আবু কালাম ফকিরের বাড়ির গোয়ালঘর ও রান্না ঘরে একসঙ্গে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের কয়েকটি ঘরসহ, প্রায় ৩০টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্থ ইউনুস সারেং বলেন, আমি একজন নিরীহ কৃষক। আমার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা আমাদের এভাবে ক্ষতি করল তা জানি না। আমরা বিচার চাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তাদের কয়েকটি ঘর ও প্রায় ৩০টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপর দিকে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করেন। তিনি ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সম্ভব সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন।