“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল’” এ শ্লোগানের মাঝ দিয়ে ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন শুরু হয়েছে। ২২ মে রবিবার বেলা সারে ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলার সেবা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলামসহ শিক্ষক সাংবাদিক ও সেবা গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।
সেবা সপ্তাহ উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করার লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে ষধহফ.মড়া.নফ ভূমি সেবা প্ল্যাটফর্ম।
তিনি বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ‘ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্যে দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম চলবে। ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার।
উপজেলা পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহণ, নামজারি/জমি ভাগ/খারিজ করতে মোট খরচ ১ হাজার ১৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা গ্রহণ, প্রদত্ত সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ এবং ডিসিআর ও খতিয়ান প্রদান ইত্যাদি সেবা দেয়ার ব্যবস্থা গ্রহণ ।
ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পর্কে ব্যাপক প্রচার এবং ভূমি সেবা সংক্রান্ত বুকলেট ও লিফলেট বিতরণ ইত্যাদি।
এবার থেকে প্রতি বছর ভূমি সেবা সপ্তাহে স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা প্রদান ও বাস্তবায়নে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাঠ পর্যায়ে ভূমি অফিসে কর্মরতদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং ভালো কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে মাঠ পর্যায়ের বিভিন্ন পদবীর গণকর্মচারীদের নিজ পদবির ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, জোনাল সেটেলমেন্ট অফিসার, চার্জ অফিসার, সহকারী সেটেলমেন্ট অফিসার, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার এবং সেটেলমেন্ট সার্ভেয়ারদের মধ্যে থেকে নিজ নিজ পদবীর ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে। মূল্যায়নে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।