শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কীর্তনাশা নদী থেকে বালু উত্তোলন করায় ইঞ্জিনচালিত একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মে) সকালে ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান মেশিন গুলো ধ্বংসের আদেশ দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান জানান, এভাবে ‘অবৈধভাবে গর্ত করে ও নদীর তীর ভেঙে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেওয়া হবে। ভেকু দিয়ে মাটি কেটে ফসলি জমি নষ্ট করলেও আমরা কঠোর ব্যবস্থা নিবো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর খেয়াঘাটের দক্ষিন পাশে নদীতে স্থানীয় বালু ব্যবসায়ীরা পদ্মার শাখা নদী থেকে গর্ত করে ও তীর ভেঙে বালু উত্তোলন করছিলেন। শনিবার সকালে সহকারি কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।