ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যেগে “শেখ হাসিনার দিন বদলে, সমাজ সেবা এগিয়ে চলে”। এ প্রতিপদ্য নিয়ে সোমবার (১৮ এপ্রিল) পল্লী মাতৃত্ব কেন্দ্রের সম্পাদিকাদের দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। উপজেলা সমাজসেবা অফিসার তাপস বিশ্বাস এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, মোঃ জসিমউদদীন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, যাদের অধিকাংশই পল্লী অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত। এ সকল নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তর ১৯৭৫ খ্রিস্টাব্দ থেকে পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বর্তমানে দেশের ৬৪ জেলার ৩১৮টি উপজেলায় এ কর্মসূচিটি চালু রয়েছে।
পল্লী মাতৃকেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে গ্রামের দরিদ্র নারীদের ছোট পরিবার গঠনের উপকারিতা, বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, মা ও শিশুযত্ন সম্পর্কে অবহিত এবং উদ্বুদ্ধকরণের পাশাপাশি দরিদ্রতম জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান, সঞ্চয় সৃষ্টি ও অর্থকরী লাভজনক কর্মকান্ডের মাধ্যমে আয় বৃদ্ধির ব্যবস্থা করা। প্রতিজন সদস্যকে ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ১০% সার্ভিস চার্জসহ সমান ১০টি কিস্তিতে সর্বোচ্চ ১ বছর মেয়াদে এ ঋণ পরিশোধযোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের লক্ষে বাস্তবায়িত কর্মসূচীর মধ্যে প্রকল্পটি অন্যতম।