শরীয়তপুর পৌরসভা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ করেছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন ও শরীয়তপুর পৌরসভা নির্বাহী কর্মকর্তা এনামুল হক প্রমূখ।
শরীয়তপুর পৌরসভা সূত্র জানায়, পৌরসভা, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও কাউন্সিলরদের সহায়তায় ৪ হাজার ৬২১ জন দরিদ্র ও সুবিধা বঞ্চিতের তালিকা করে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম গ্রহণ করেছেন। প্রতি পরিবার ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল পেয়েছে। ১৮ এপ্রিল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসী চাল গ্রহণ করেছেন। ১৯ এপ্রিল পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এবং ২০ এপ্রিল ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর মাঝে ভিজিএফ বিতরণ করা হবে।
ভিজিএফ বিতরণ অনুষ্ঠানে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পৌরবাসীর জন্য ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছেন। আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও কাউন্সিলরদের নেতৃত্বে তালিকা করে ৪ হাজার ৬২১ জনকে আমরা ভিজিএফ চাল দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। ২০ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। মানুষ সাদরে ভিজিএফ চাল গ্রহণ করতেছে।