অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা ২ ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ২ টি এক্সকেভেটর বিনষ্ট ও ব্যাটারি জব্দ করা হয়।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সিডুরটেক, আরশীনগর ও সখিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপেজলার সহকারি কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান। তিনি জানান, ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
আগামীতে কৃষি জমি রক্ষায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।