ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ এপ্রিল) ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার ১৩ ইউনিয়নের ২৫ জন মৎস্যজীবী অংশ গ্রহণ করেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকারের মৎস্য বিভাগ।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য অফিসার মো: নজরুল ইসলাম বলেন, ‘দেশীয় প্রজাতির মাছ, পুষ্টি গুনের আধার, প্রকৃতির বন্ধু শামুক’ এ স্লোগানকে সামনে রেখে খাল-বিল বেষ্টিত দেশের ৪৯ উপজেলায় প্রাথমিকভাবে চার বছর মেয়াদি দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো প্রকল্পভুক্ত এলাকায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, ধান খেতে মাছ চাষ ও স্থানভেদে লাগসই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা। নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা। দেশীয় প্রজাতির মাছ চাষের প্রদর্শনী স্থাপন, শামুক, ঝিনুক ও মুক্তা চাষের প্রদর্শনী স্থাপন। মাছের অভয়াশ্রম গড়ে তোলা, বিল নার্সারি স্থাপন, মৎস্য আইন বাস্তবায়ন এবং মৎস্য খামার নিবন্ধন।