শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের দায়ের করা মামলায় এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। সরকারি কাজে বাঁধা প্রদানসহ পিআইওকে হেনেস্থা করার অভিযোগে ডামুড্যা থানায় ৮ এপ্রিল শুক্রবার এই মামলা করা হয়। মামলার ভিত্তিতে ইউপি সদস্য নান্নু সরদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন ডামুড্যা থানা পুলিশ।
পিআইও অফিস ও থানা সূত্রে জানা যায়, পিআইও রেজাউল করিম ইসলামপুরে সরকারি টিয়ার-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে কাজে অনিয়ম দেখতে পান। সমস্যা সমাধান করার জন্য ইউপি সদস্যকে বলেন পিআইও। এই নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউপি সদস্য নান্নু সরদার পিআইওকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ বিষয়ে পিআইও বাদী হয়ে ডামুড্যা থানায় অভিযোগ করেন ।
পিআইও রেজাউল করিম বলেন, টিআর ও কাবিখার অর্থে ইসলামপুর ইউপি সদস্য নান্নু সরদারের মাধ্যমে রাস্তার কাজ চলছে। সেই রাস্তা পরিদর্শনে গিয়ে কাজের অনিয়ম ধরায় ইউপি সদস্য নান্নু আমার উপর ক্ষেপে যায়। এক পর্যায়ে সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং গায়েও হাত তুলে।
ইউপি সদস্য নান্নু সরদারের স্ত্রী নিলুফা বেগম বলেন, আমার স্বামী নান্নু সরদার দুই মাস ধরে কাজ শেষ করেছে। কিন্তু বিল পাচ্ছেনা। বর্তমানে হাতে কোন টাকা নেই। এমনিতেই তাঁর মন খারাপ তারপর আবার এ কাজের বিল পাচ্ছেনা। তাই এ বিষয় নিয়ে অফিসারের সাথে কথা বলতে গেলে সে নানান কথা শুরু করলে আমার স্বামী একটু জোড়ে কথা বলায় পিআইও সাব রহস্য জনক কারণে তার বিরুদ্ধে মামলা দিয়েছে ।
ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, পিআইও রেজাউল করিম ইউপি সদস্য নান্নুর বিরুদ্ধে শুক্রবার মামলা করেন। মামলার প্রেক্ষিতে ওই দিনই ইউপি সদস্য নান্নু সরদারকে গ্রেফতার করা হয়েছে।