পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির চিনি, ডাল ও তেল বিক্রির কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুর ডামুড্যা উপজেলায় চলছে টিসিবির পণ্য বিক্রি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) উপজেলার ডামুড্যা পৌরসভা ও ধানকাঠি ইউনিয়নে টিসিবির চিনি, ডাল ও তেল বিক্রির কার্যক্রম চলে। সরেজমিন ঘুরে দেখা যায় উপকারভোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিটি পরিবার ৪৬০ টাকার বিনিময় দুই লিটার তেল, দুই কেজি ডাল, ও দুই কেজি চিনি কিনতে পারছেন।
টিসিবির পণ্য বিক্রির তদারকি করছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সি ও বিআরডিবি কর্মকর্তা তপন চন্দ্র বাড়ৈ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, পৌর সচিব রাকিবুল হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা রতন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ জানান, ডামুড্যা উপজেলায় টিসিবির পণ্য বিক্রির এ কর্মসূচির আওতায় উপকারভোগী হিসেবে ৫ হাজার ৬৮১ জন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এ সুবিধা গ্রহণ করছেন। তিনি আরো জানান, ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রির পাশাপাশি টিসিবির পণ্য বিক্রি ও খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে।