রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভেদরগঞ্জ উপজেলার ৩ ইউনিয়নের ১ হাজার ৭৯১ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
এর অংশ হিসেবে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এ সময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিপ্লব সিকদার, টিসিবি’র ডিলার আব্দুল আজিজসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফায় টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম দফায় ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য বিক্রি করার অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলার ১৩ হাজার ৭০০ পরিবারের মাঝে পণ্য বিক্রি করা হয়েছে।
আজ থেকে আবার দ্বিতীয় পর্যায়ে কার্ডধারি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দ্বিতীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। টিসিবি’র ট্রাকসেলে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা বিক্রি করা হচ্ছে।