জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ নিষেধাজ্ঞার ৩৫ তম দিনে ৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২০ কেজি ইলিশ মাছ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি পাঙ্গাসের বাচ্চা জব্দ করা হয়।
বুধবার (৬ এপ্রিল) শরীয়তপুর নড়িয়া উপজেলার পদ্মা নদীতে নড়িয়া উপজেলা জাটকা ইলিশ রক্ষায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী (ম্যাজিস্ট্রেট) কাফী বিন কবির এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৪ জনকে সারে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন শরীয়তপুর নড়িয়া উপজেলার আনোয়ার হোসেন বেপারী (২৮), হযরত আলী মাঝি (৩২), চাদপুর জেলার সদর উপজেলার নওয়াব আলী (৪০) ও মো: মানিক (৩০)।
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধা জানান, জাটকা সংরক্ষণ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। এদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারায় ৪ জনকে সারে নয় হাজার টাকা অর্থদণ্ড ও মাছ গুলো এতিমখানায় বিলি করা এবং জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।