শরীয়তপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬৫ শিক্ষকের পদ বর্তমানে শুন্য রয়েছে। শূন্য পদের মধ্যে প্রধান শিক্ষকের ৩২৯টি এবং সহকারী শিক্ষকের ২৩৬টি পদ রয়েছে। শিক্ষকের পদ গুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যহত হচ্ছে। এছাড়া প্রধান শিক্ষকের অভাবে প্রশাসনিক কাজ ব্যহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সদর উপজেলায় প্রধান শিক্ষকের ৬৫ টি ও সহকারী শিক্ষকের ২৭ টি, নড়িয়া উপজেলায় প্রধান শিক্ষকের ৬১টি ও সহকারী শিক্ষকের ২৯টি, ভেদরগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকের ৭৮টি ও সহকারী শিক্ষকের ৬৮টি, জাজিরা উপজেলায় প্রধান শিক্ষকের ৭৪টি ও সহকারি শিক্ষকের ৪৪ টি, ডামুড্যা উপজেলা প্রধান শিক্ষকের ৪৩টি ও সহকারী শিক্ষকের ২০ টি এবং গোসাইরহাট উপজেলা প্রধান শিক্ষকের ৪৮টি ও সহকারী শিক্ষকের ৪৮ টি পদ শুন্য রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলার ৪ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জানান, একদিকে শিক্ষকের অভাবে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। অপরদিকে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের প্রত্যাশা করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদ পূরণ করা দরকার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল আজিজ শরীয়তপুরের ৬টি উপজেলায় প্রধান শিক্ষকের ৩২৯ পদ এবং সহকারী শিক্ষকের ২৩৬ টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন।