পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখার লক্ষ্যে শরীয়তপুর জেলা সদরের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ সাংবাদিক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সারাদেশে টিসিবি’র পণ্য এক কোটি পরিবারকে দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে শরীয়তপুরের ছয়টি উপজেলায় নির্বাহী অফিসারদের মাধ্যমে প্রথম কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। আগামী ৭ এপ্রিল দ্বিতীয় পর্ব শুরু হবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী, সাংবাদিকসহ সকলে সহযোগিতা করলে আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো। এছাড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জনসচেতনা বৃদ্ধির সাথে সাথে আইন প্রয়োগ করার জন্য নির্দেশনা প্রদান করেন।