আজ , , ,

জাজিরায় কৃষি যন্ত্রপাতি পেলেন ১২ কৃষক গ্রুপ

শরীয়তপুরের জাজিরায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১২টি ইউনিয়নের ১২টি কৃষক গ্রুপের মাঝে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে জাজিরা উপজেলা কৃষি অফিসের সামনে থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রতিটি দল পাচ্ছেন ১টি করে ফুট পাম্প, ২টি করে হ্যান্ড স্প্রেয়ার, কলম করার জন্যে ৩টি করে বাডিং নাইফ এবং গাছ কে প্রুনিং করার জন্যে ৩টি করে প্রুনিং শেয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসূল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ বিন ইয়ামিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি অফিসারগণ কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসূল বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রতি ইউনিয়নে ১০০ টি করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের কাজ চলমান রয়েছে। সেই সাথে এই সকল যন্ত্রপাতি কৃষক কে সঠিক সময়ে বালাইনাশক প্রয়োগ, গাছের যত্ন নিয়ে বিশেষ সহায়ক হবে। এতে সরাসরি ৩৬০ জন কৃষক উপকৃত হওয়ার সাথে সাথে আরো প্রায় ১০০০ কৃষক পরোক্ষ ভাবে উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় কৃষি বিভাগ এ প্রকল্পটি চালু করেছে। প্রকল্প থেকে উন্নতমানের বীজ, ফল ও মসলার চারা বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার এবং বেড়া বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে এ উপজেলায় ১২টি ইউনিয়নের ৪৯২টি বাগান স্থাপন করা হয়েছে। আমাদের ১ হাজার ২০০ টি বাগান স্থাপনের লক্ষ্য রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।’ সে অনুযায়ী আমরা পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা পূরণে বসতবাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজি, মসলা ও ফল উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নে আজ পর্যন্ত ৪১টি করে বাগান স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ১০০ বাগান স্থাপন করা হবে। তিনি আরো বলেন, এটি প্রধানমন্ত্রীর বিশেষ একটি প্রকল্প। পতিত জমির সদব্যবহারের মাধ্যমে চার সদস্যের একটি পরিবারের সবজির চাহিদা নিশ্চিত করতে পারে এমন ব্যবস্থা এখানে রাখা হয়েছে। পরিবারের নারীরাও কাজের ফাঁকে বাগানের যাতে পরিচর্যা করতে পারেন, সেজন্য তাদেরও প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar