আজ , , ,

ভেদরগঞ্জের সাজনপুরে খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ

ভেদরগঞ্জ উপজেলায় মহিষার ইউনিয়নের সাজনপুর-সিড্যা সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এ কার্যক্রম বন্ধে একাধিকবার পদক্ষেপ নিলেও প্রভাবশালীদের দখলের কর্মযজ্ঞ চলে আসছে।
আইন কানুনের তোয়াক্কা না করে হাজার হাজার কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাশালীরা। দখলের এই উৎসব চলছে উপজেলার বিভিন্ন স্থানে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর বাজারের পূর্ব পাশের খালের একপাশ দখল করে পুটিজুরি গ্রামের প্রবাসী সিরাজ হাওলাদারের স্ত্রী মোর্সেদা বেগম দোকান নির্মাণের জন্য কাজ করছেন। একই খালে একই গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে ব্যবসায়ী হোসেন হাওলাদার খালের ভিতরে পাকা স্থাপনার মাধ্যমে দোকার ঘর নির্মাণ করেছেন।
এই দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় আমিন বাজার, সাজনপুর বাজার, কাইলারা, সিড্যা এলাকার কয়েকশ একর জমিতে ধানের চাষ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খাল দখলকারী হোসেন হাওলাদার বলেন, এটা তো বাড়ি বানাচ্ছি না। দোকানঘর করেছি। এতে আর সমস্যা কি? সবাই তো করে।
মোর্সেদা বেগম খাল দখল করে গত কয়েকদিন যাবত দোকান ঘর নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। খাল দখল করে দোকান নির্মাণ করায় ইরি-বোরো মৌসুমে বিভিন্ন খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এতে ওই এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
খাল দখলের বিষয়ে মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার বলেন, যারা পূর্বে সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণ করেছে তাদেরকে ভিন্ন জায়গায় স্থাপনা নিতে বলা হয়েছে। এছাড়া নতুন করে কেউ যাতে সরকারি জায়গা দখল করতে না পারে সেজন্য আমরা প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করছি।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফিউল মাজলুবিন রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। তহসিলদারকে খাল দখলকারীদের নোটিশ দেয়ার নির্দেশ দিয়েছি। বিষয়টি নিয়ে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বলেন, খাল দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar