শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির ১১ দফা দাবী আদায়ে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছেন। বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল, সম্পাদক নুরুল আমিন রতন, কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ, নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক রফিকুল ইসলাম, নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির নেতা হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জাল হোসেন মিয়া, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোতালেব খান, সম্পাদক নাসির উদ্দিন শিকদার প্রমূখ।
শিক্ষক নেতারা বক্তব্যে বলেন, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের পূর্বেই সরকারী শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণট্রাস্ট প্রদান ও শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করে পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন ষষ্ঠ ও সপ্তম গ্রেডে উন্নতিকরণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরবদলি প্রথা চালু করা। অন্যান্য দাবীর মধ্যে শিক্ষকদের বয়সসীমা ৬৫ বছর, শিক্ষক নিয়োগ কমিশন গঠন, করোনাকালীন আর্থিক প্রণোদনা, ম্যানেজিং কমিটি গঠনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন ও শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ণ। শিক্ষকদের এই দাবী মেনে না নিলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও শিক্ষক নেতৃবৃন্দ জানান।