শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সব মানুষকে নিয়েই ভাবেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ও শিশু সহায়তা কর্মসূচী গ্রহণ করেছেন। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সরকারের সহায়তা সমূহ সঠিক ভাবে প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছাতে আন্তরিক হলে সরকারের কর্মসূচি সফল হবে। তিনি বলেন, আজ থেকে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছ। যত দ্রুত সম্ভব আমরা যেন শিক্ষার্থীদের টিকা দিতে পারি সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি সোমবার (১ নভেম্বর) শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় শরীয়তপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইরশাদ। প্রশিক্ষণ প্রদান করেন কর্মসূচি পরিচালক রুবিনা গনি ও প্রশিক্ষণ পরামর্শক লুৎফর রহমান।
প্রশিক্ষণে ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা, কালুখালি, গোপালগঞ্জের মুকসেদপুর, ফরিদপুরের শালথা, মাদারীপুরের শীবচর ও শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাগণ ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।