শরীয়তপুর পৌরসভার পালং এলাকায় নারীকে নির্যাতনের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিকের মামলার মূখ্য আসামী হৃদয় (২৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
১৬ অক্টোবর শনিবার ভোর রাতে নড়িয়া উপজেলার রাজনগর আন্দারমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উত্তর পালং গ্রামের আজাহার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসাসী পালং থানার মাদক মামলাসহ একাধিক মামলার আসামী বলে জানাগেছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়িয়া উপজেলার রাজনগর এলাকা থেকে আসামী হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, পারিবারিক বিরোধের জেরে গত ২০ সেপ্টেম্বর পালং স্কুল এলাকায় এক নারীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে কাশেম মাদবরের ছেলে নাজমুল মাদবর, হৃদয় ও নাঈম মাদবর সহ কয়েকজন সন্ত্রাসী। প্রাণ রক্ষার্থে ওই নারী এটিএন বাংলা ও এটিএন নিউজের শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। তখন নির্যাতনের ভিডিও ধারণ করলে সন্ত্রাসীরা সাংবাদিক পারভেজের উপর হামলা চালায়।