বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরীয়তপুর জেলা শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সিরাজুল হক মোল্যা, আব্দুল মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা থেকে নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন। তাঁর অঙ্গীকার হলো আর কাউকে কখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না কিংবা বাংলাদেশকে আর কোনো দাসসুলভ বা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না।
বক্তারা আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। না দিল্লি, না পিন্ডি, কিংবা অন্য কোনো দেশÑ সবার আগে বাংলাদেশ বলে দাবী করেন বক্তারা।