শরীয়তপুরের সখিপুর থানার মাদ্রাসা ছাত্রী ছয় বছরের শিশু তায়েবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায়বিচারের দাবিতে ঢাকাস্থ সখিপুর থানার বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে আপন চাচী আয়েশা খাতুন শিশু তায়েবাকে হত্যা করে পাশের বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে রাখে। নিখোঁজ হওয়ার দুই দিন পর ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এলাকাবাসীর অভিযানে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার হয়। হত্যার ঘটনায় প্রত্যক্ষ সাক্ষীর জবানবন্দিতেও একই তথ্য উঠে এসেছে।
মানববন্ধনে বক্তারা কয়েকটি নির্দিষ্ট দাবি উত্থাপন করে বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঠিক তথ্য উদ্ঘাটনে দ্রুত উচ্চতর তদন্ত টিম গঠন এবং মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে। প্রকৃত আসামীদের শনাক্ত করে দ্রুত রিমান্ডে এনে হত্যার নেপথ্যের সকল দোষীকে চিহ্নিত করতে হবে। ভুক্তভোগী পরিবার ও বিচারের দাবিতে সোচ্চার এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রভাবশালীদের প্রভাব খাটানো বন্ধ করে আইন অনুযায়ী আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন তারা।
বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর হত্যার পরও যদি বিচারের কার্যকর অগ্রগতি না হয়, তবে সাধারণ মানুষ আইন ও বিচার ব্যবস্থার উপর আস্থা হারাবে। ভবিষ্যতে এ ধরণের নৃশংস ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তারা ঘোষণা দেন, মানববন্ধনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান বিচারপতি, নারী ও শিশু মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ রেঞ্জ, শরীয়তপুর জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
মানববন্ধনে নিহত তায়েবার পিতা টিটু সরদার মা ডলি বেগম সহ সখিপুর থানার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।